আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর। এতে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার হয়েছে ১৫ লাখ টাকার মালামাল।
রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাফেজ আহম্মদ ডিলারের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— স্থানীয় আবুল হাশেম, আব্দুল মোতালেব ও নুরুন নবী।
আরও পড়ুন : আনোয়ারায় আগুন—পরনের কাপড় ছাড়া ঘর থেকেই কিছুই বের করতে পারেনি ২ ভাই
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিন ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইউছুফ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও উদ্ধার করা হয়েছে ১৫ লাখ টাকার মালামাল।
কাঞ্চন/আরবি


