আনোয়ারায় মা-মেয়ে খুন, পলাতক তেজু গ্রেপ্তার

আনোয়ারায় মা-মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার হয়েছে।

রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল। তিনি জানান, মা-মেয়ে হত্যা মামলার আসামিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

এর আগে শনিবার (১৩ জুন) রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) খুন হন। হামলায় গুরুতর আহত হয় এনির পাঁচ বছর বয়সের ছেলে পিয়াস বড়ুয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় এনির স্বামী সুজন বড়ুয়া কর্মস্থলে ছিলেন। গভীর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে মা ও মেয়ে নিহত হন এবং শিশুপুত্র আহত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়া পলাতক ছিলেন।

এর আগে সুজন বড়ুয়া দাবি করেন, তেজুর সঙ্গে তার আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশও হত্যাকাণ্ডের পেছনে বিরোধের বিষয়টি খতিয়ে দেখছে।

ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে খুনের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm