দুই সহযোগীসহ ধরা পড়েছেন আনোয়ারা উপজেলার কিশোর গ্যাং ‘সম্রাট গ্রুপের’ প্রধান সম্রাট শাহজাহান।
বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।
সম্রাট শাহজাহান বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের পুরাতন মেডিকেল এলাকার মো. ইলিয়াসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও তার বাড়ি কর্ণফুলী উপজেলায়।
গ্রেপ্তার হওয়া বাকি দুজনও একই এলাকার। একজন মৃত আব্দুল হামিদের ছেলে কামাল (৪৯), অন্যজন সৈয়দ নূরের স্ত্রী রুবি আক্তার (৩৭)। তারা দুজনই সম্রাট গ্রুপের অন্যতম সহযোগী।
থানা সূত্রে জানা যায়, সম্রাট শাহজাহানের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ বিভিন্ন থানায় চুরি, মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলা রয়েছে।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সম্প্রতি শোলকাটা এলাকায় সংঘবদ্ধ চক্রটি কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে তাদের সদস্য তালিকাভুক্ত সন্ত্রাসী মহিনের মৃত্যুর পর তারা আরও বেপরোয়া হয়ে উঠে। বুধবার রাতে অভিযান চালিয়ে সম্রাটসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো চক্রটিকে নির্মূল করতে থানা পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


