আনোয়ারায় চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন— হেলাল হোসেন (২৯), সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন প্রকাশ সোহেল (৩০) ও মো. এসকান্দার প্রকাশ মদন (৪৫)।
পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি আনোয়ারার মোহাম্মদপুরে অবস্থিত চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনে ডাকাতির ঘটনা ঘটে। ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি ও লোহার রড নিয়ে জোনের পশ্চিম পাশের সীমানা প্রাচীরবিহীন অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে প্রত্যেককে পেছন থেকে বেঁধে ফেলে। পরে সিসিটিভি ক্যামেরা ভেঙে জোন কম্পাউন্ডে ও কনটেইনারের ভেতরে রাখা যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কর্তৃপক্ষের পক্ষে স্টোর ম্যানেজার ওয়েন জিইয়ং বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই সুব্রত কুমার ঘোষ শুক্রবার (১৩ মার্চ) হেলাল হোসেন নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেন। তার দেওয়া স্বীকারোক্তিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সালাহউদ্দীন, মো. রবিউল হোসেন প্রকাশ সোহেল ও মো. এসকান্দার প্রকাশ মদনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম

