অস্ত্র—মাদক নিয়ে মাদ্রাসার পাশের ভবনে ছিল ৩ ডাকাত

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মিজানের এক সহযোগীসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

রোববার (২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া এলাকায় একটি মাদরাসার পাশে পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড পিস্তলের গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১টি হাসুয়া, ১টি ছুরি, ৫টি মোবাইল ও ১১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. মিল্লাত (২৪), মো. আবুল হাসনাত ফাহিম (২০) ও মো. রুবেল (২৬)। এদের মধ্যে মিল্লাত মিজানের সহযোগী।

আরও পড়ুন : চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি—বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

সোমবার (৩ মার্চ) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা ছিনতাই, চাঁদাবাজি ও জায়গা দখল সংক্রান্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির জন্য ঘটনাস্থলে জড়ো হয়েছিল। এছাড়া চট্টগ্রামের একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে গ্রেপ্তারদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতির খবরে বায়েজিদের ওয়াজেদিয়া নামের এলাকায় একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, মাদকসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া নতুন করে আরও তিনটি মামলা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm