চন্দনাইশে অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ‘এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’ নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
জানা যায়, জরিমানা করা প্রতিষ্ঠান এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ড. ফিক্সিট পিডিপ্রুপ ১০১ এলডব্লিউ নামের পণ্যটি বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়া উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রতিনিধি নাফিজুর রহমানকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন : অনুমোদনের তোয়াক্কা না করেই তার তৈরি করে এনইসি সুপার অ্যান্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ
অভিযানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) রাকিব হাসান, চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, পিডিলাইট কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার মঈনুদ্দিন কাদের, প্রতিনিধি মো. রাসেল ও মোরশেদ খান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং বাজারজাত করায় এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
এমএনএ/আলোকিত চট্টগ্রাম


