অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধাক্কা, ছাত্রীসহ ২ জন লাশ

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে পেছনে থেকে ধাক্কা দিয়েছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক ৷ এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক ছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়৷

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বড়তাকিয়া মাজার গেইটে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। নিহত অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের মধ্যে মাদরাসা শিক্ষার্থী উম্মে হাবিবা ও তৌফিয়া তাবাসসুমের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মাদরাসা শিক্ষক হাফেজ একরামুল হক বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি৷ দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিই৷ দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি৷ আশঙ্কজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ৷

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm