রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপৎসীমার ওপর অতিক্রম করছে। তাই কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেট (জলকপাট) ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।
রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলে দেওয়া হয়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় এসব গেট খুলে দেওয়া হয়। টানা ও ভারী বৃষ্টির কারণে সাজেকে পর্যটক আটকা পড়েছে এবং ৬টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে। রাঙ্গুনিয়া, বোয়ালখালী, হাটাহাজারীসহ কর্ণফুলীর দুপাশে বন্যা দেখা দিয়েছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
পানি ছাড়ার আগে কাপ্তাই হ্রদে পানি ছিল ১০৮ দশমিক ৫ ফুট। ১০৮ ফুট উচ্চতা কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা হিসেবে নির্ধারণ করা হয়।
জেজে/আলোকিত চট্টগ্রাম
