মুক্তিপণের ফোনকলের পর ১৬ ঘণ্টার অভিযান, গহীন পাহাড়ে ‘পারভেজ’

অবশেষে উদ্ধার হয়েছে কক্সবাজারের চকরিয়ায় অপহৃত মোহাম্মদ পারভেজ (১৭)। উপজেলার হারবাংয়ের গহীন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এর আগে মুক্তিপণের ফোনকলের সূত্র ধরে রামু উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারী নুরুল ইসলামকে (৪০)। অপহরণে জড়িত আরও ৬- ৭ জন পলাতক রয়েছে। তাদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে চকরিয়া থানা পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাত ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছাগীর শাহ কাটা এলাকা থেকে পারভেজকে উদ্ধার করা হয়। রামু উপজেলার ঈদগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপহরণের প্রধান হোতা নুরুল ইসলামকে।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার (৯ মার্চ) রাত আড়াইটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন পারভেজ। চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় পৌঁছলে তাকে অপহরণ করে ৬-৭ জনের একটি চক্র। পরে মুঠোফোনে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এদিকে ওই ফোনকলের সূত্র ধরে রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে ১৬ ঘণ্টার রুদ্ধদার অভিযান শেষে অপহরণের প্রধান হোতা নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভিকটিম পারভেজকে চকরিয়া থেকে উদ্ধার করা হয়।

পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে।

পারভেজের বাবা মঞ্জুর আলম জানান, তার ছেলে পারভেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ একটি দোকানে চাকরি করে। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র পারভেজকে অপহরণ করে নিয়ে যায়। টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে রাত ১০টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণকারী দলের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযানে রয়েছে পুলিশ।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm