বিকাশ—নগদ—রকেটে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ হবে ইন্টারনেট ব্যাংকিং

নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি নির্দেশনা আসছে। সীমিত করা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা এক দিনে ১০ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা।

বন্ধ করা হবে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবাও। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি এসব সেবা সীমিত থাকবে।

মূলত নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে যাতে টাকার ব্যবহার না করা যায় সেজন্যই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসব পরিকল্পনা করছে। আর তা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে, বলছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে একে অপরের কাছে ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এসব গ্রাহক প্রতি মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে বিএফআইইউ প্রস্তাবনা দিয়েছে, প্রত্যেক গ্রাহক অন্য গ্রাহককে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে পারবেন। লেনদেন করতে পারবেন ১০ বার।

এদিকে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বিএফআইইউ প্রস্তাব দিয়েছে, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আলোচ্য সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর বন্ধ রাখতে। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ১১ জানুয়ারি থেকে নগদ টাকা জমা এবং উত্তোলনেও তদারকি জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগদ লেনদেনের প্রতিবেদন সাপ্তাহিক ভিত্তিতে (প্রতি সপ্তাহের রিপোর্ট পরবর্তী সপ্তাহের তিন কার্যদিবসের মধ্যে) জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm