আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।
এ মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
রাজধানী ঢাকার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের জাতীয় কাউন্সিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী এখানে বসে আছেন। তাঁর স্ত্রীও (জুবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক। এখান (ঢাকা) থেকে তিনি গ্র্যাজুয়েশন (স্নাতক) করেছেন…।
তিনি বলেন, যাঁরা ওষুধ তৈরি করেন, প্রস্তুতকারক; তাঁরা দুদিন আগে আমার কাছে এসেছিলেন। তাঁরা গুরুতর সংকটে আছেন। বর্তমান সরকারপ্রধানের যিনি বিশেষ সহকারী আছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা বা আইন দিচ্ছেন, এতে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য লুৎফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব সভাপতি পদের দুপ্রার্থী এ কে এম আজিজুল হক ও হারুন আল রশীদ।
আলোকিত চট্টগ্রাম


