ক্রয়মূল্য ছাড়া ভাউচারে ডিম ক্রয় এবং মোবাইলের মাধ্যমে দাম নির্ধারণ করে দাম বাড়াতে সহযোগিতা করার অপরাধে আল আমিন স্টোর ও রহমানিয়া দরবার শরীফ নামের দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় পাহাড়তলী রেলওয়ে বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।
আরও পড়ুন : রিয়াজুদ্দীন বাজারে ডিমের আড়তে দাম নেওয়া হচ্ছিল ইচ্ছেমতো
জানা যায়, অভিযানে ক্রয়মূল্য ছাড়া ভাউচারে ডিম ক্রয় এবং মোবাইলের মাধ্যমে দাম নির্ধারণ করে মূল্য বাড়াতে সহযোগিতা করায় আল আমিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, পাহাড়তলীয় রেলওয়ে বাজারে পরিচালিত অভিযানে ডিম বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
এদিকে একইদিন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে নগরের কাজির দেউড়ি বাজারে পরিচালিত অভিযানে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরবি/আলোকিত চট্টগ্রাম


