চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন বেশ কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া এলাকার বদিউল আলমের স্ত্রী।
চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কেএ/আলোকিত চট্টগ্রাম
