সৌদি আরবে বুলডোজারে শেষ ২৭ বছরের প্রবাসজীবন

সৌদি আরবের মদিনা শহরে বুলডোজার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতকানিয়ার রেমিট্যান্স-যোদ্ধা আহমদ হোসেন (৫৭)।

রোববার (৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসী আহমদ হোসেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলী গ্রামের কালা চান্দ বাপের বাড়ির মৃত সেনায়াত আলীর ছেলে।

সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল কাদের ও একই এলাকার সৌদি আরব প্রবাসী নওয়াব মিয়া জানান, আহমদ হোসেন সৌদি আরবের মদিনা শহরের চানাইয়া এলাকায় বুলডোজার চালক হিসেবে কাজ করতেন। রোববার রাত ১১টার তিনি প্রতিদিনের মতো কর্মস্থলে যান। এ সময় তার বুলডোজারটিতে ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করার একপর্যায়ে তিনি বুলডোজাটির চাকার নিচে পিষ্ট হয়ে আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, ২৭ বছরের বেশি সময় ধরে আহমদ হোসেন প্রবাস জীবনে কর্মরত। দুই বছর আগে তিনি ছুটিতে দেশে এসে ফের সৌদি আরব চলে যান। স্ত্রীসহ তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm