চকরিয়ায় চাচাকে খুন করল ভাতিজা, নেপথ্যে জমির বিরোধ

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে ভাতিজার হাতে চাচা মোহাম্মদ কালু (৬৫) খুন হয়েছেন। পুলিশ ভাতিজা মাস্টার আলী আহমদকে আটক করেছে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহওমরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালু ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। মাস্টার আলী আহমদ ওই এলাকার মৃত সরুত আফজালের ছেলে।

এদিকে নিরাপত্তার জন্য আলী আহমদের স্ত্রী পারভীন আক্তার বানুকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে জমির বিরোধ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা মাস্টার আলী আহমদ ক্ষুব্ধ হয়ে চাচা মোহাম্মদ কালুকে মারধর করে। এ সময় চাচা কালু মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ভাতিজা আলী আহমদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তারা আরও বলেন, বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে চাচা মোহাম্মদ কালুর লাশ উদ্ধার করে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মাস্টার আলী আহমদ ও তার স্ত্রী পারভীন আক্তার বানুকে আটক করে পুলিশ। আটকদের থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছ থেকে আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের থানায় নিয়ে যায়।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আলোকিত চট্টগ্রাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আলী আহমদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আলী আহমদের স্ত্রী পারভীন আক্তার বানুকে থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত কালুর মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm