চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা (৬ নম্বর ওয়ার্ড) গোয়ালপাড়া এলাকার সোবহান সওদাগর বাড়ির পাশে একটি রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফোরকান। তিনি জানান, ২৮ থেকে ৩০ বছর বয়সের ওই যুবকের পরনে শার্ট, প্যান্ট ও মুখে চাপ দাঁড়ি ছিল। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : ইন্দ্রপুলে যুবকের লাশ, পরিবার বলছে ‘পরিকল্পিত খুন’
স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে মরদেহে কোনো বড় আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানায় এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কাঞ্চন/আরবি


