সেবা গ্রহীতাদের বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম। টানা কয়েক ঘন্টা ধরে চলা এ অভিযানে দুদক টিম নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তাদের জিজ্ঞাবাদ করেন।
অভিযান শেষে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইন বলেন, ছয়টি এনআইডি সংশোধন না হওয়ার বিষয়ে অভিযোগ ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানে অভিযান চালিয়ে রেকর্ডপত্র কালেক্ট করি এবং আঞ্চলিক নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারে বক্তব্য গ্রহণ করি। আঞ্চলিক নির্বাচনসহ অনান্য বেশ কয়েকজন কর্মকর্তা এসব সংশোধনে মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন। তবে এনআইডিগুলোর সংশোধন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে সাইয়েদ আলমের নেতৃত্বে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে দুদক
কাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে তিনি বলেন, আঞ্চলিক কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, ক্যাটাগরি সংশোধনের বিষয়ে অভিযোগ ছিল। আমাদের কাছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে। যেগুলোর মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছি। এসব ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যাচাই করছি। এছাড়া অফিসের দুই কর্মকর্তার সঙ্গে দালালদের সখ্যতা রয়েছে বলেও অভিযোগ পেয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী বলেন, দুদক চারটা অভিযোগের তথ্য জানতে এখানে আসে। আমরা তথ্য দিয়ে তাদের সহযোগিতা করেছি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা সেটার ব্যবস্থা নিব।
এমএ/আরবি


