রাতের আঁধারে গরু চুরি রাউজানে নিয়মিত এক চিত্র। তবে এবার চুরি নয়, একেবারে ছিনতাই। শনিবার (১৭ মে) মধ্যরাতে ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় ট্রাকভর্তি ৯টি গরু। লুট করে লাখ টাকাও।
তবে এবার শেষ রক্ষা হয়নি। পুলিশের তড়িৎ অভিযানে রোববার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় উদ্ধার করা হয় ৮টি গরুসহ সেই ট্রাকটি। এ সময় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
রাউজান থানা সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির মাইনী থেকে ৯টি গরু কিনে ট্রাকে (চট্টমেট্রো-ন-১১-৭৭৪৬) করে বোয়ালখালীর উদ্দেশ্য যাত্রা করেন ব্যবসায়ী আবদুর রহিম। শনিবার (১৭ মে) রাত ১২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় পৌঁছালে ৪-৫ জন ছিনতাইকারী গাড়ি আটকে দেন। এরপর ব্যবসায়ীসহ চালককে নামিয়ে ট্রাকভর্তি ৯টি গরু, ব্যবসায়ীর ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি রাউজান থানায় জানানো হয়।
আরও পড়ুন : রাতে গোয়ালঘরে ৪ গরু থাকলেও সকালে উধাও
এদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে রাউজান রাবার বাগান থেকে ট্রাকসহ ৮টি গরু উদ্ধার করে। জব্দ করে ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-ল-১৭-১৫৭৮)।
অপরদিকে গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে চুরি যাওয়া গরুর মালিকেরা থানায় ভিড় করতে শুরু করে।
ভুক্তভোগী নাছির উদ্দিন বলেন, শনিবার রাতে আমার ৪টি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরু নেই।
যোগাযোগ করা হলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ট্রাকসহ গরু ছিনতাইয়ের ঘটনা জানার সাথে সাথেই অভিযান শুরু করি। একপর্যায়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান থেকে ৮টি গরু উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বাকি আরও একটি গরু উদ্ধারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, মোটরসাইকেলের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করা গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে তাদের নামে মামলার পর আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হবে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


