চট্টগ্রামে রেলওয়ের নতুন পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পেয়েছেন শাকিলা সোলতানা।
রোববার (৪ মে) রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক সরতার তমিজ উদ্দিন আহমেদ বিপিএম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
এদিকে পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন এসপি শাকিলা সোলতানা।
এর আগে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়।
আরও পড়ুন : শাকিলাকে রেলওয়েতে পাঠিয়ে আনা হলো হাবিবুরকে
একই প্রজ্ঞাপনে রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
জানা যায়, শাকিলা সোলতানা ২০২২ সালের ১১ আগস্ট বন্দর জোনে যোগ দেন। এর আগে সিএমপির ট্রাফিক বিভাগ ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্ব পালন করেন উপপুলিশ কমিশনার হিসেবে। এক যুগ পর তিনি ক্রাইম বিভাগে কাজ করার সুযোগ পান। পরে তিনি বন্দর জোনের ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও বন্দর থানার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন।
এসপি শাকিলা সোলতানার ডাকনাম ‘মিতু’। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তিনি চুনতি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আমিন খান জুনু মিয়ার মেয়ে।
যোগাযোগ করা হলে এসপি শাকিলা সোলতানা বলেন, অন্য যেকোনো পেশার তুলনায় পুলিশে নারীদের জন্য চ্যালেঞ্জ বেশি। তবে বর্তমানে নারীরা এ পেশায় এগিয়ে আসছেন, যা অত্যন্ত ইতিবাচক। আমি দীর্ঘদিন সিএমপিতে কাজ করেছি। ফলে রেলওয়ের পরিবেশ আমার কাছে পরিচিত। এখানে কাজ করতে আরও সুবিধা হবে বলে মনে করি।
জেজে/আরবি
