অবসরের ৫ দিন আগে ধরা খেলেন সম্পদের পাহাড় গড়ে তোলা মনিরুজ্জামান

অবসরের ৫ দিন আগে ধরা খেয়েছেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। তাঁকে ওএসডি করা হয়েছে। একের পর এক দুর্নীতিতে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ রয়েছে মনিরুজ্জামানের বিরুদ্ধে।

আর মাত্র পাঁচ দিন পর চাকরিজীবন শেষ হওয়ার কথা ছিল মনিরুজ্জামানের। কিন্তু অবসরে যাওয়ার পাঁচ দিন আগেই তাঁকে প্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হলো।

গত ২৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মনিরুজ্জামানকে ওএসডি হিসেবে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার আরও পাঁচ কর্মকর্তাকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল।

অভিযোগের মধ্যে ছিল ফিজিবিলিটি স্টাডি, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ভবনের রিনোভেশন, অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, বিজ্ঞাপন ও বিক্রয় কার্যক্রম এবং প্রশিক্ষণ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দুর্নীতি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, এসব দুর্নীতিতে তিনি গড়েছেন সম্পদের পাহাড়।

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মনিরুজ্জামান বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার নির্মাণে ভূমিকা রাখেন। তবে অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন।

মনিরুজ্জামান নিজ এলাকা ময়মনসিংহ এবং আওয়ামী লীগ প্রভাবিত বরিশাল ও ফরিদপুরের চিহ্নিত কর্মকর্তাদের নিয়ে দুর্নীতির একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওএসডি কর্মকর্তারা বেতন-ভাতা, গাড়িসহ সব ধরনের সরকারি সুবিধা পান। তবে তারা কোনো দায়িত্বে থাকেন না। তাদের সচিবালয়ে গিয়ে লাইব্রেরিতে হাজিরা দিতে হয়।

একাধিক কর্মকর্তার মতে, প্রশাসনে ওএসডি হওয়া স্বাভাবিক প্রক্রিয়া হলেও সাধারণত সরকারের আস্থা হারানো কর্মকর্তারাই এ ধরনের পদে চলে যান।

এদিকে মনিরুজ্জামানের ওএসডি হওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। অনেকে এটিকে দেখছেন, প্রশাসনের দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থান হিসেবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm