রাউজানে দাবি করা চাঁদা না দেওয়ায় ইটভাটায় সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
রোববার (২২ ডিসেম্বর) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান ব্রীক মেনুফ্যাকচারের (আরবিএম) অফিসে এ হামলাে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এদিন অটোরিকশা ও মোটরসাইকেল বহর নিয়ে ইটভাটায় প্রবেশ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এরপর অফিস কক্ষে ঢুকে ভাঙচুর চালিয়ে নগদ ৪-৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ইটভাটার শ্রমিক কবির হাসান ও দিদার হাসানকে বেধড়ক মারধর করা হয়।
এদিকে সন্ত্রাসীদের ডাকাত মনে করে মসজিদের মাইকে মাইকিং করা হলে স্থানীয় লোকজন চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে অস্ত্রধারী সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে অটোরিকশা, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া অটোরিকশা, মোবাইল জব্দ করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন : রাউজানে রাতের আঁধারে যুবদল নেতাকে গুলি করল সন্ত্রাসীরা
ইটভাটা ম্যানেজার শামসুল আলম বলেন, সন্ত্রাসীরা আমাদের অফিসে হামলা চালিয়ে আমাকে অস্ত্র ঠেকিয়ে ক্যাশে থাকা নগদ ৪-৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ইটভাটার স্বত্বাধিকারী এসএম শহিদ উল্লাহ বলেন, গত ৫ ডিসেম্বর এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দলবহ এসে এক কোটি টাকার চাঁদা দাবি করে। এরপর ১০ ডিসেম্বর দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আবার এসে চাঁদা দাবি করে। পরে ১৩ ডিসেম্বর ৮০ লাখ টাকার চাঁদা দাবি করে। এসময় ১৫ দিনের মধ্যে চাঁদা না দিলে ইটভাটা ভেঙে দেওয়াসহ খুনের হুমকি দেয়। দাবিকৃত চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা চালিয়ে নগদ টাকা ৪-৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় রাউজান থানায় এজাহার দায়ের করেছি।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে অটোরিকশা জব্দ করা হয়েছে। ইটভাটা মালিক জানিয়েছেন চাঁদা না দেওয়ায় হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএ/আরবি
