বন্যার শঙ্কা দেখা দিয়েছে চট্টগ্রামে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে দেশের পূর্বাঞ্চলের জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবানের নিম্নাঞ্চলে আকস্মিক পানির ঢল আসতে পারে। এতে প্লাবিত হতে পারে এসব এলাকার নিম্নাঞ্চল। দেখা দিতে পারে বন্যা।
আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, ওইসব এলাকার উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। অনেকটা গত মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া বৃষ্টির মতো। দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলজুড়ে আজ (১২ সেপ্টেম্বর) কিংবা আগামীকালের মধ্যে একই ধরনের ভারী বৃষ্টি শুরু হতে পারে। এতে প্লাবিত হতে পারে এসব এলাকার নিম্নাঞ্চল।
পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার থেকে দেশের পূর্বাঞ্চলের জেলা চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানের, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার নিম্নাঞ্চলে আকস্মিক পানির ঢল আসতে পারে। এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দেখা দিতে পারে স্বল্পমেয়াদি বন্যা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কয়েক দিনের জন্য ওইসব এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলতে পারে। কিছু এলাকায় দিনে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতে হালদা, সাঙ্গু, মাতামুহুরি, ফেনী ও মুহুরি নদীর পানি দ্রুত বাড়তে পারে। অনেক এলাকায় পাহাড় ধসের শঙ্কাও আছে।
আলোকিত চট্টগ্রাম


