চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছরে ১০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দুমাসে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৮ জন। তবে কমেছে মৃত্যুর হার। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের।
এছাড়া নতুন বছরের শুরুতে উপজেলায় বাড়ছেরা ডেঙ্গু রোগী। আক্রান্ত বেশি হচ্ছে পুরুষ। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু রোগী শহরের চেয়ে গ্রামে বেশি
সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুমাসে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫০ জন, নারী ৩১ জন ও শিশু ১৭ জন। মারা গেছেন ১ জন।
চলতি (ফেব্রুয়ারি) মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮ জন। এর মধ্যে নগরে ১৩ জন ও উপজেলায় ১৫ জন। তবে এ মাসে ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যায়নি।
এর আগে জানুয়ারিতে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭০ জন। এর মধ্যে নগরে ২৭ জন এবং উপজেলায় ৪৩ জন।
এদিকে গত ৬ জানুয়ারি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান মো. নাসের (৪৮) নামে এক যুবক। চান্দগাঁও এলাকার বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত ওই যুবক গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে ভর্তি হন। তবে এরপর থেকে এখন পর্যন্ত আর কেউ মারা যাননি।
অন্যদিকে নগরের চেয়ে উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী। তবে দুই উপজেলা এখনও ডেঙ্গুশূন্য রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য বলছে, উপজেলায় আক্রান্ত ৫৮ জনের মধ্যে লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ৮ জন, বাঁশখালীতে ৯ জন, চন্দনাইশে ১ জন, পটিয়ায় ৪ জন, বোয়ালখালীতে ৩ জন, রাঙ্গুনিয়ায় ৫ জন, রাউজানে ১ জন, ফটিকছড়িতে ১ জন, হাটহাজারীতে ৩ জন, সীতাকুণ্ডে ১২ জন, মিরসরাইয়ে ৩ জন এবং কর্ণফুলীতে ৩ জন। তবে আনোয়ারা ও সন্দ্বীপ উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গু রোগী পাওয়া যায়নি।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু—সর্বোচ্চ আক্রান্ত অক্টোবরে, মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ নভেম্বর
এদিকে গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ২৮৬, নারী ১ হাজার ২৪০ ও শিশু ৭৯২ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৪০ জন নগরের এবং ১ হাজার ৫৭৮ জন উপজেলার বাসিন্দা।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৪৫ জনের মধ্যে ২৪ জন নারী, ১৬ জন পুরুষ এবং ৫ জন শিশু।
২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেছে অক্টোবরে, ১ হাজার ৪৩০ জন। আর মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ ছিল নভেম্বর। ওই মাসেই ১৬ জনের মৃত্যু হয়েছিল।
আরবি/আলোকিত চট্টগ্রাম


