দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু দুই দিনের মাথায় কারিগরি সমস্যায় আবার বন্ধ হয়ে যায় উৎপাদন। এরপর ১২ দিন পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে সিইউএফএলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুনরায় শুরু হয়।
কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়।
তবে উৎপাদন শুরুর দুই দিনের মাথায় ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে কারিগরি সমস্যার কারণে কারখানাটির উৎপাদন আবার বন্ধ হয়ে যায়। এরপর কারিগরি সমস্যা সমাধানের কাজ চলতে থাকে।
অবশেষে মঙ্গলবার দুপুর ৩টার দিকে সমস্যার সমাধান করে পুনরায় উৎপাদনে ফেরে সিইউএলএফ।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুর ৩টার দিকে আমরা আবার উৎপাদনে ফিরেছি। কারিগরি যে সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে। এখন পর্যন্ত উৎপাদনে আর কোনো সমস্যা হয়নি।
কেএস/আলোকিত চট্টগ্রাম


