সুতার কার্টনে ১০ দামি ফোন—৩০ হাজার দেরহাম, বিমানবন্দরে যুবক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সুতার বান্ডিলের ভেতরে লুকিয়ে পাচারের সময় ১০টি দামি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যুবক আটক হয়েছে।

রোববার (১১ মে) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালের ৭ নম্বর গেট এলাকা থেকে মো. সাইম নাওয়াজ (২৫) নামে ওই যাত্রীকে আটক করে  কাস্টমস কর্তৃপক্ষ।

তিনি সাতকানিয়ার ছমদরপাড়া এলাকার বাসিন্দা এবং দুবাইগামী যাত্রী ছিলেন। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ১০টি মোবাইলের মধ্যে ২টি আইফোন ও ৮টি স্যামসাং ব্র্যান্ডের। এগুলোর বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়া তার কাছে থাকা ৩০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা) জব্দ করা হয়। পাচারে ব্যবহৃত ৪৬ কেজি সুতাও মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।

আটক সাইম নাওয়াজ ঘন ঘন মধ্যপ্রাচ্যে যাতায়াত করে। মামলার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm