সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এবং বিকেল সাড়ে পাঁচটায় বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভোলা জেলার বাসিন্দা তাইজুদ্দিন (৪৭), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সাইদুর রহমানের ছেলে মো. খোকন (৩০) ও নেত্রকোনা সদরের মো.রানা (৩৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : মেরিন ড্রাইভ সড়কের সেই স্পটে এবার রক্তাক্ত পুলিশ
জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে তাইজুদ্দিন উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়বকুণ্ড এলাকায় একটি ধান মাড়াই মেশিন মহাসড়ক হয়ে ঢাকামুখী যাওয়ার পথে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই সাইদুর ও রানা নামে দুজনের মৃত্যু হয়। আহত হন দুজন।
হাইওয়ে পুলিশ জানায়, বাড়বকুণ্ড এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি ধান মাড়াই মেশিন নেত্রকোনার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। ধান মাড়াই মেশিনে চালকসহ চারজন শ্রমিক ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে মেশিনটি দুমড়েমুচড়ে যায় এবং দুই শ্রমিক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। বাকি দুজন গুরুতর আহত হন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে তাইজুদ্দিন নামে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, ধান মাড়াই মেশিন নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহত এবং দুজন আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


