লুটের টাকা—সোনাসহ যেভাবে ধরা খেল ডাকাত দম্পতি

লোহাগাড়া অস্ত্র-গুলিসহ এক ডাকাত দম্পতিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) রাত দেড়টার দিকে উপজেলার আধুনগর খাসমহল এলাকার মান্নানের মুদির দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আটকরা হলেন— বাঁশখালী উপজেলার গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা মো. মনজুর আলম (৫২) ও তার স্ত্রী হাছিনা বেগম (৪০)। বর্তমানে তারা বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হিমছড়িপাড়া এলাকায় বসবাস করছেন।

আরও পড়ুন : রাউজানে অটোরিকশায় থাকা ২ যুবকের কাছে ৭৫ লিটার মদ

পুলিশ জানায়, তারা আমিরাবাদ বাজার থেকে চুনতি বাজার এলাকায় যাচ্ছিল। আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে মান্নানের মুদি দোকানের সামনে ফাঁকা জায়গায় একজন পুরুষ ও একজন নারীকে সন্দেহজনক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। এরপর তাদের তল্লাশি করা হয়। এ সময় মনজুর আলমের হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর সবজির নিচে রাখা দুটি দেশি তৈরি এলজি এবং হাছিনা বেগমের হাত ব্যাগ তল্লাশি করে ৫ রাউন্ড চায়না গুলি, ১ ভরি ৭ পয়েন্ট স্বর্ণ (যার মধ্যে কানের দুল ৫টি, কানের রিং ৪টি, আংটি ২টি), ১ ভরি ১২ আনা ৩ পয়েন্ট ইমিটেশন গহনা (সিটি গোল্ড, যার মধ্যে লকেট যুক্ত চেইন ১টি, কানের দুল ৬টি), নগদ সাড়ে ৪৮ হাজারটাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, উদ্ধার অস্ত্র-গুলি মনজুর আলম তার সহযোগীসহ অন্যান্য ডাকাত দলের সদস্যদের সহায়তায় বিভিন্ন এলাকায় ডাকাতিতে ব্যবহার করে।

আটকরা জানায়, গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানা এলাকার একটি বাড়িতে ওই অস্ত্র দিয়ে ডাকাতি করে। ডাকাতি শেষে এলাকার স্থানীয়দের ধাওয়া খেয়ে অস্ত্র-গুলি, স্বর্ণালংকার ও টাকা আধুনগরের খাসমহল এলাকার একটি পরিত্যক্ত ঝোপের ভেতর লুকিয়ে রাখে। শুক্রবার সুযোগ বুঝে স্ত্রীর সহায়তায় সেগুলো নিয়ে বাস করে আজিজনগর যাচ্ছিল। চুনতি এলাকায় পুলিশের অভিযান চলছে জানতে পেরে তারা বাস থেকে নেমে পড়ে এবং ভিন্ন কৌশলে বাড়িতে যাওয়ার জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছিল।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অস্ত্র আইনে মামলার পর আজ (২১ জুন) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে আটক মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ অর্ধডজন মামলা রয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm