যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কের ওপর বাণিজ্য চুক্তি আগামী (৯ ফেব্রুয়ারি) সোমবার। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে আগের দিন, ৮ ফেব্রুয়ারি। দুই দিনব্যাপী এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত থাকছেন না বাণিজ্যসচিব মাহবুবুর রহমানও।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একটি গণমাধ্যমকে জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি ও বাণিজ্যসচিব যাচ্ছেন না। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি দল ওয়াশিংটন যাচ্ছে।
এদিকে চুক্তির জন্য এবারের সফরকারী দলের প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। বাকি চারজনের মধ্যে রয়েছেন— বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান।
অপরদিকে আজ (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটায় জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্যসচিব। জাপানের রাজধানী টোকিওতে কাল (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) সই হওয়ার কথা। তিন দিনব্যাপী (৪ থেকে ৬ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা টোকিও গেছেন।
সরকারি এক আদেশে জানানো হয়, এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গঠিত দলে বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্যসচিবের সঙ্গে আরও চারজন রয়েছেন। তাঁরা হলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অনুবিভাগের প্রধান আয়েশা আক্তার, যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ, উপসচিব মাহবুবা খাতুন মিনু এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার। উপদেষ্টা ও সচিব ছাড়া এ চারজন দুই দিন আগে থেকেই টোকিওতে রয়েছেন। ৭ ফেব্রুয়ারি বা এর কাছাকাছি সময়ে তাঁদের ঢাকায় ফেরার কথা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করবেন, একটি গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য উপদেষ্টা চুক্তিতে স্বাক্ষর করবেন, যা হবে অনলাইনে।
জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঢাকায় বসে চুক্তিতে সই করেছেন। তাঁর সই করা কপি বাংলাদেশের দলটি ওয়াশিংটনে নিয়ে যাবেন। ওদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে সই করবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার।
আলোকিত চট্টগ্রাম


