মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলনেতা খুন—যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

মিরসরাইয় স্বেচ্ছাসেবক দলনেতা জাহেদ হোসেন মুন্না (২২) নিহতের ঘটনায় মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭) ও আরমান (২৬)।

এর আগে একইদিন রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা করেন নিহতের ভগ্নিপতি আরাফাত হোসেন।

আরও পড়ুন : মিরসরাইয়ে ডোবায় ভাসছিল লাশ

নিহত জাহেদ হোসেন মুন্না মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে চলা মাসব্যাপী বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। পরে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত সাড়ে ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের অনুসারীদের ওপর হামলা চালায়। হামলায় স্বেচ্ছাসেবক দলনেতা জাহেদ হোসেন মুন্না (২২) নিহত এবং ৮ জন আহত হন। আহতরা হলেন— সজিব (২৩), আরাফাত (২৩), আসিফ (২০), রাহাত (২০), হাসান (২৮), রাশেদ (১৯), হৃদয় (২৭) ও শাকিল (২০)। আহত সবাই মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদিন রাতেই গুরুতর আহত শাকিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলনেতা জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm