মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসব ইলিশ মাছ ২৮টি এতিমখানা ও ১১৮ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ অভিযান চালান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাছ ব্যবসায়ী আবু তাহেরকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
এদিকে অভিযানে জব্দ করা ৩৯৫ কেজি ইলিশ ২৮টি এতিমখানা, উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ এলাকার আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এএ/আলোকিত চট্টগ্রাম


