কক্সবাজারের চকরিয়ায় তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইছারি ইউনিয়নের তুলাতলি এলাকার মো. আমিনের ছেলে মো. শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা এলাকার মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের তুলাতলি গর্জনীয়ার আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপনে খবর পাই অটোরিকশায় মাদকের বড় চালান চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। এরপর এসআই আরকানের নেতৃত্বে একদল পুলিশকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী বাইতুল ইজ্জত জামে মসজিদে সামনে চেকপোস্ট বসানোর নির্দেশ দিই। চেকপোস্ট বসানোর কিছুক্ষণ পর একটি অটোরিকশা চট্টগ্রামের দিকে আসতে দেখে থামতে বলে পুলিশ। কিন্তু অটোরিকশাটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে ওই অটোরিকশাটি আটক করা হয়। এরপর তিন যাত্রীকে কাছে থাকা ব্যাগে কয়েকটি কালো রঙের পুঁটলি পাওয়া যায়। পুঁটলিগুলো খুলতেই বেরিয়ে আসে ইয়াবা। সবমিলিয়ে প্রায় ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


