বোয়ালখালীতে মধ্যরাতের অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী মো. সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। তাদের কাছ থেকে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বেংগুরা এলাকায় বিশেষ এ অভিযান চালায় সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের দিকনির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সেনা সদস্যদের চতুর্মুখী ঘেরাও ও দ্রুত তৎপরতায় তারা পালাতে পারেনি।
এরপর শীর্ষ সন্ত্রাসী মো. সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সন্ত্রাসীরা পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়ের নিচে এবং একটি নির্মাণাধীন ভবনের বালুর নিচে লুকিয়ে রেখেছিল।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র চালনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রাম ও বোয়ালখালীর বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের কাছে সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দ করা অস্ত্রের তালিকা প্রস্তুত করে। এরপর আইনগত প্রক্রিয়ার জন্য গ্রেপ্তারদের থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তারা দুজনই মৃত আবুল বশরের ছেলে।
এসএনই/আলোকিত চট্টগ্রাম


