বোয়ালখালীতে ‘ভয়’ বাড়িয়েছে ‘মৃত্যু’, ১৬ দিনে ২৯ জনকে ছোবল মেরেছে সাপ

বোয়ালখালীতে হঠাৎ বেড়ে গেছে সাপের উপদ্রব। রাত হলেই বিষধর সাপের আতঙ্কে থাকে এলাকাবাসী। গত আড়াই মাস ধরে সাপের উপদ্রব দেখা দিলেও চলতি আগস্টে তা বেড়ে গেছে। এর মধ্যেই সাপের ছোবলে একজনের মৃত্যু স্থানীয় জনমনে বাড়িয়েছে ভয়।

বর্ষায় আবাসস্থল থেকে বেরিয়ে আসে সাপ। চলে আসে মানুষের কাছাকাছি। তাই এ সময়টাতে বেড়ে যায় সাপে কাটা রোগী।

এদিকে চলতি আগস্টের প্রথম সপ্তাহে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদারপাড়ায় সাপের ছোবলে একজনের মৃত্যু হয। এতে বোয়ালখালীজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাপের ভয়ে অনেকেই রাতের আঁধারে চলাফেরা বন্ধ করে দেন।

শাকপুরা এলাকার বাসিন্দা আতাউর রহমান চৌধুরী রানা বলেন, সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে গেছে। সাপের ছোবলে এক যুবক মারা যাওয়ার পর স্থানীয় মানুষদের মনে ভয় ধরেছে। ইতোমধ্যে কয়েকটি সাপ মেরে ফেলেছে স্থানীয়রা। সাপ নিধনে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যে দেখা যায, গত জুনে সাপে কাটা ৪ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। জুলাইয়ে ভর্তি হন ৮ জন। এর মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী। আগস্টের ১৬ তারিখ পর্যন্ত ২৯ জন রোগী ভর্তি হন। এর মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী। সবমিলিয়ে প্রায় আড়াই মাসে ৪১ জনকে ছোবল মেরেছে সাপ।

কয়েকদিন আগে আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে সাপের ছোবলে মারা যান আরমান তালুকদার। পটিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান তিনি। একদিন পর তার বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করে সাপ উদ্ধারকারী একটি দল। অভিযানে ছিলেন মাহাদী হিমু, আবরার রাগিব, আমীর হোসেন শাওন ও মেহেদী হাসান।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা অ্যান্টিভেনমসহ সাপে কাটা রোগীর চিকিৎসাসামগ্রী প্রস্তুত রেখেছি। আমাদের সকল চিকিৎসককে সাপে কাটা রোগীর চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো সময় চিকিৎসকরা যাতে বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারেন সেজন্য একজন মেডিসিন বিশেষজ্ঞকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরর্মশ দেন তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm