পবিত্র ঈদুল ফিতরে বেড়েছে সরকারি ছুটি। এক দিন বাড়িয়ে ছুটি ৬ দিন করেছে সরকার। সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে মোট ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ ছুটি থাকবে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে। কারণ ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে।
চাঁদ দেখা গেলে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর হবে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচদিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল ছুটি। একদিন বাড়ানোয় ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি। এর সঙ্গে ১৭ মার্চ শবে কদরের ছুটি যোগ হওয়ায় টানা সাতদিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।
আলোকিত চট্টগ্রাম


