চট্টগ্রাম নগরে একটি ভাড়া বাসায় নকল জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মেশিনসহ বিভিন্ন ব্যান্ডের নকল জুস।
সোমবার (১৯ মে) রাতে বাকলিয়া নতুন ব্রিজের আনসার প্লটের খালেদার মার কলোনির ভাড়া বাসায় এ অভিযান চালায় থানা পুলিশ।
আটক মিজানুর রহমান (২৬) কক্সবাজার চকরিয়ার মৃত হাবিবুল ইসলামের ছেলে। তিনি ওই বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন : বায়েজিদেই বানায় ‘লিচি জুস’, ম্যানেজার ধরা খেলেও পালাল মালিক
জানা গেছে, বৈধ কাজগপত্র ছাড়াই ক্ষতিকর কেমিক্যালের সঙ্গে বিভিন্ন জুস তৈরি হচ্ছিল নতুন ব্রিজ আনসার প্লটের খালেদার মার কলোনির ভাড়া বাসায়। বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের নকল জুসসহ মেশিন জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, আড়াই লাখ টাকার নকল জুসসহ একজনকে আটক করা হয়েছে। মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


