চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্ত্রীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. রাকিব হোসেন (২৫) নামে এক যুবক আত্মহনন করেছেন।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমতলা এলাকার ইদ্রিস চেয়ারম্যান বাড়ির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
রাকিব হোসেন কুমিল্লার তিতাস উপজেলার ঝাপুড় এলাকার বাসিন্দা অহিদুল ইসলামের ছেলে। তিনি কিছুদিন ধরে কর্ণফুলীর চরলক্ষ্যায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
আরও পড়ুন : মেয়েকে হুজুরের কাছে পড়তে বসিয়ে গলায় দড়ি দিল প্রবাসীর বউ
স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে পারিবারিক কলহের জেরে রাকিবের স্ত্রী তাকে ছেড়ে চলে যান এবং যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যান। পারিবারিক এ টানাপোড়েন থেকেই আত্মহননের পথ বেছে নেন রাকিব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আলোকিত চট্টগ্রাম


