বউ গেল বাপের বাড়ি, আরজু ঝুলল ফাঁসিতে

সাতকানিয়ায় এসএম আরজু (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরখাগরিয়া মহাজনপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এসএম আরজু মহাজনপাড়ার মোহাম্মদ ওয়ারেস সাওদাগরের বড় ছেলে। তিনি এক সন্তানের বাবা।

জানা যায়, আরজু বেশ কিছুদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে আরজুর বাসার আশেপাশে দুর্গন্ধ অনুভব করেন স্থানীয়রা। আজ সকাল থেকে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার বাসার জানালাতে মাছির উপদ্রব দেখা যায়। এরপর স্থানীয়রা ঘরে ঢুকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আরজুকে দেখতে পান।

অপর একটি সূত্র জানায়, চার বছর আগে আরজু পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তারা অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানেও তাদের মধ্যে কলহ লেগে ছিল। তিন দিন আগে তাদের মধ্যে ঝগড়া হলে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান।

যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার সঠিক কারণ তদন্ত করে বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm