চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন কুলছুমা বেগম (৪০) নামে এক গৃহবধূ। ঘটনার পর থেকে পলাতক ঘাতক স্বামী।
বুধবার (৩০ জুলাই) ভোরের দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর গ্রামের আবছারের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত কুলছুমা বেগম বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। তিনি তিন মেয়ে ও এক ছেলের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন ভোরের দিকে দুজনের মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে আজিজুল হক স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কুলছুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালে রয়েছে। দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাঞ্চন সুশীল/আনোয়ারা


