পুড়ে গেছে টুপি—লোম, বিলে মহিষ চরাতে গিয়ে লাশ যুবক

রাউজানে বিলে মহিষ চরাতে গিয়ে হঠাৎ বজ্রপাতে মো. ওসমান গণি (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হালদা শাখা খাল সংলগ্ন বাড়িঘোনা চর এলাকার একটি বিলে এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি ওই এলাকার প্রয়াত আবদুল খালেকের ছেলে ও স্থানীয় মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুনের আপন ছোট ভাই। তিনি ৫ বছর বয়সী শিশু সন্তানের বাবা।

আরও পড়ুন : চয়েস বাসে লাশ যুবক, আরেকজন রক্তাক্ত

স্থানীয় লোকজন জানান, ওসমান মহিষ লালন-পালনের পাশাপাশি চাষাবাদ করতেন। আজ সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো মহিষ চরাতে হালদা শাখা খাল সংলগ্ন বিলে যান ওসমান। দুপুর হলেও বিল থেকে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। এসময় তার মাথার টুপি ও শরীরের লোম পোড়া ছিল। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, আজ বেলা ১২টার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।

যোগাযোগ করা হলে উরকিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল আলোকিত চট্টগ্রামকে বলেন, বারিঘোনা এলাকায় ওসমান মহিষ চরাতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন বলে শুনেছি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm