টেকনাফের ১ লাখ ইয়াবাসহ মো. ইকরাম (২৯) নামে এক যুবদল নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং বিজিবির চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বুধবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন।
আরও পড়ুন : গোলাগুলির পর আটক ট্রলারে বিদেশি পিস্তল—গুলি—ইয়াবা, গুলিবিদ্ধসহ ৩ পাচারকারী ধরা
আটক ইকরাম টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলার বাসিন্দা মো. রবিউল হোছেনের ছেলে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আহ্বায়ক।
এ বিষয়ে উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাদক পাচারের খবরে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে আসলে থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহী এ সময় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে আঘাত করলে তিনি পড়ে যান। পরে আটক আকরামের কাছে থাকা ব্যাগে বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপে প্যাঁচানো ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে, ইয়াবাগুলো টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটক ব্যক্তি, জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেল টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
বিডি/আরবি


