চট্টগ্রাম নগরের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের এক এসআইয়ের ওপর হামলার ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা একটি চাকু ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পতেঙ্গা আউটার রিং রোডের চেকপোস্টে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন— সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)।
হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী।
আরও পড়ুন : পতেঙ্গায় চোরাই তেল-মবিল নিয়ে ধরা খেল ২ যুবক
পুলিশ জানায়, শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় গ্রেপ্তার দুই যুবক। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে দিলেও হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে তাদের পরিচিত দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। এর মধ্যে বিচ এলাকায় টহলরত পুলিশ এবং আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যাযে উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেওয়া শুরু করলে বাকিরা পালিয়ে যায়। এরপর এসআই ইউসুফ আলীকে উদ্ধার করে।
জনতার হাতে আটক দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশি করলে ছিনিয়ে নেওয়া এসআই ইউসুফের মোবাইল, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি চাকু এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


