চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেন, পটিয়ায় যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি প্রশাসন কোনো সহযোগিতা না করে তাহলে বিএনপির নেতাকর্মীরা ব্যবস্থা নিবে।
পটিয়ার কেলিশহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৭ মার্চ) বিকেলে কেলিশহর ইউনিয়নের দারোগাহাট এলাকায় এ আয়োজন করা হয়।
আরও পড়ুন : বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান নেই : এনাম
এনাম বলেন, পটিয়ায় এখন সুবিধাবাদী বিএনপি নেতাদের আনাগোনা বেড়ে গেছে। যারা বিগত ১৫ বছর আন্দোলন-সংগ্রাম, রাজনীতির মাঠে-ময়দানে ছিল না, তারা এখন বিএনপি নেতা সেজে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এসব আওয়ামী সুবিধাভোগী বিএনপির নাম বিক্রি করা লোকেরা পটিয়ার মাঠে থাকতে পারবে না। পটিয়ায় বিএনপির রাজনীতির মাঠে ত্যাগী নেতাকর্মীরা থাকবে, সুবিধাবাদীদের কোনো স্থান হবে না।
আয়োজনে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম।
কেএ/আলোকিত চট্টগ্রাম


