সীতাকুণ্ডের সোনাইছড়িতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন নির্যাতিত বাবা। মারধরের অভিযোগসহ পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে এ পদক্ষেপ নেন অসহায় বাবা।
রোববার (১৪ আগস্ট) দুপুরে ভুক্তভোগী বাবা আজম মামলা দায়ের করলে ছেলেকে কোর্ট হাজতে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: মাছের নেশাই কাল হলো বৃদ্ধের
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামের মো. আজমের ছেলে মো. আলভী হাসান আরমান (২৫)। মাদকাসক্ত আরমান দীর্ঘদিন ধরেই নেশার টাকার জন্য তার বাবা, মা, বোনসহ পরিবারের লোকজনকে মারধর ও নির্যাতন করছিল। সর্বশেষ ১৩ আগস্ট (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় একইভাবে নেশার টাকা না দেওয়ায় আরমান তার বাবাকে লাঠি দিয়ে মারধর করে। এ সময় বাবার চিৎকার শুনে মেয়ে এগিয়ে এলে আরমান তাকেও মারধর করে। শেষে জোরপূর্বক আলমিরা থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় এবং ৫০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র ভাঙচুর করে।
মো. আজম অভিযোগ করে বলেন, এর আগেও আরমান নেশাগ্রস্ত অবস্থায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সে ১০ মাস জেলও খেটেছিলো তখন। ওইসময় আমি তাকে জামিন করাই। ভেবেছিলাম সে ভুল বুঝতে পেরে শোধরাবে। কিন্তু না, সে এখনো আগের মতোই নেশা করে। এ কারণে প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশে দেয়। আর আমিও ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, বাবার দায়ের করা মামলায় মাদকাসক্ত ছেলে আরমানকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএস/এসআর


