কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত আবু তাহের উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়ার বাসিন্দা।
স্থানীয়া জানান, একই ইউনিয়নের পুরাতন বহদ্দারপাড়ার নুরুল হোছাইনের ছেলে শিফাত এবং শাহ আলমের ছেলে বাহাদুর নিহত আবু তাহেরের বাড়িতে ঢিল ছোড়ে। এ সময় আবু তাহের ঘর থেকে বের হয়ে কারণ জানতে চাইলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিফাত ও বাহাদুর তাকে মারধর করে এবং ধারালো কিরিচ দিয়ে কোপায়। এরপর তাকে পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।
নিহতের পুত্রবধূ ছখিনা বেগম বলেন, আমার জা তৈয়বা বেগমের ঘরের চালে শিফাত ঢিল ছোড়ে। তিনি চিৎকার করলে শ্বশুর (আবু তাহের) ঘর থেকে বের হয়ে কারণ জানতে চান। তখন শিফাত ও বাহাদুর তাকে কিরিচ দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে পুকুরে ফেলে দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
তিনি আরও বলেন, আমার জা তৈয়বা বেগমের স্বামী কায়সার মালয়েশিয়ায় থাকেন। স্বামী বিদেশে থাকার সুযোগে শিফাত প্রায়ই তৈয়বাকে উত্ত্যক্ত করে এবং রাতে বাড়িতে ঢিল ছুড়ে বিরক্ত করে।
নিহতের নাতনি জারিন হাসনাত তাসফিয়া বলেন, বাড়িতে ঢিল ছোড়ার পর দাদা বের হলে শিফাত তাকে কিরিচ দিয়ে কোপ দেয় এবং পুকুরে ফেলে দেয়। দাদার চিৎকার শুনে চাচা তারেকসহ আমরা বের হয়ে আসি। কিন্তু হামলাকারীরা পালিয়ে যায়।
নিহতের বড় ছেলে নবাব মিয়া অভিযোগ করে বলেন, শিফাত একজন বখাটে। আমার ছোট ভাই কায়সারের স্ত্রী তৈয়বা বেগমকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। বিষয়টি নিয়ে সামাজিকভাবে বিচার-সালিসও হয়েছে এবং শিফাতের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছিল। এরপরও সে উত্ত্যক্ত করা বন্ধ করেনি। শিফাত ও বাহাদুর পরিকল্পিতভাবে আমার বাবাকে খুন করেছে।
জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
