দেশে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরেই মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে’তে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬০৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগী ৮৪ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৩১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এছাড়া ঢাকায় ৫২৫ জন, খুলনায় ২৭৬ জন, বরিশালে ২১৫ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৬২ জন এবং রাজশাহীতে ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
আলোকিত চট্টগ্রাম


