জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় বিএনপি ব্যর্থ : নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সবসময় সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। জুলাই গণঅভ্যুত্থান শুধু বাঙালির নয়, পার্বত্য জনগোষ্ঠীসহ বাংলাদেশের সব মানুষের।

রোববার (২ আগস্ট) দুপুর ৩টায় ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন পার্বত্য জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

সমঅধিকার এবং মূলধারায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে পাহাড়িরা বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠী সমমর্যাদা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, একইসঙ্গে সেখানে বসবাসকারী বাঙালিরাও নানা সমস্যার সম্মুখীন। পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভাজনের রাজনীতি বন্ধ করে সবার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সামরিক পন্থার পরিবর্তে সংলাপ ও রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান, পাহাড়ের মানুষের মর্যাদা নিশ্চিত করা জরুরি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান সমতল এবং পাহাড়ে সমানভাবে সংগঠিত হয়েছিল। খাগড়াছড়ি, বান্দরবান কিংবা রাঙামাটিতে যখন যাই, আমরা এখনো দেয়ালে গ্রাফিতি দেখব।

তিনি বলেন, ৭২-এর সংবিধান সাম্প্রদায়িকতার নামে জাতিকে বিভাজিত করেছে। ধর্মে ধর্মে বিভাজন করেছে। সামাজিকভাবেও বিভাজিত হয়েছিল স্বাধীনতার পর থেকে। এসব বিভাজন দূরে রেখে বাংলাদেশের জন্য একত্রিত হতে হবে।

জাতীয়তাবাদের কথা উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপি জাতীয়তাবাদের কথা বললেও গত ৫০ বছরে তারা জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেনি। জিয়াউর রহমানের এই প্রতিশ্রুতি তার পরবর্তী নেতৃত্ব অনুসরণ করতে পারেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক জোবায়েরুল হাসান আরিফ, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা ঝুমা, ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা, এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব, এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক নূর আলম সিদ্দিক, এনসিপি রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ শোয়েব এবং এনসিপি বান্দরবান জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী।

এআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm