ছুরিকাঘাতে খুন ছোট ভাই—রক্তাক্ত বড় ভাই, নেপথ্যে মাদকের বাণিজ্য

কক্সবাজারের চকরিয়ায় মাদকের বাণিজ্য নিয়ে মারামারির জেরে দুভাইকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে মাদককারবারি জুনাইদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ছোট ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত বড় ভাই।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়ার সাইফুল ইসলাম বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহতকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সোমবার (২ জুন) রাতে মাদকের কারবার নিয়ে ঝগড়ার একপর্যায়ে কয়েকজনের মধ্যে ব্যাপক মারামারি হয়।

আরও পড়ুন : আনোয়ারায় দিনদুপুরে ছুরিকাঘাতে রক্তাক্ত যুবক

নিহতের নাম মো. আবদুর রশিদ (১৭)। আহতের নাম মো. তজুম উদ্দিন প্রকাশ বাদশা (২৩)। তারা সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত জুনাইদুল ইসলাম একই এলাকার জাফর আহমদের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, বদরখালীর পশ্চিম ছনুয়াপাড়ায় বেশ কয়েকজনের একটি মাদককারবারি সিন্ডিকেট গড়ে ওঠে। তারা এলাকায় হরেক রকমের মাদকের বেচাকেনা করে আসছিল। সেই মাদকের ব্যবসার বিরোধে সোমবার রাতে ঝগড়ার একপর্যায়ে মারামারি হয় একইদলের সদস্যদের মধ্যে। এ সময় আবদুর রশিদ বেধড়ক পিটুনি দেয় মাদককারবারি জুনাইদুল ইসলাম প্রকাশ সায়েমকে। এর জেরে জুনাইদুল আজ সন্ধ্যায় আবদুর রশিদকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়িতে গিয়ে তজুম উদ্দিন প্রকাশ বাদশাকে ছুরিকাঘাত করে। পরে ঘুমন্ত অবস্থায় আবদুর রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুনাইদুল।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদকের কারবার নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে প্রকৃত বিরোধ কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত খুনিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে মামলাসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm