চার্জশিটে বেরিয়ে এলো আসল খুনি, ৪ জনের ফাঁসি

রাউজানে চাঞ্চল্যকর সুলাল চৌধুরী খুনের মামলা চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে এর মধ্যে তিন আসামি এখনও পলাতক।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচএম শফিকুল ইসলামের আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরিমল চৌধুরীর ছেলে মিঠু চৌধুরী ওরফে মিন্টু চৌধুরী, প্রয়াত সম্ভু চৌধুরীর ছেলে সুমন চৌধুরী, প্রয়াত শাহ আলমের ছেলে এরশাদ হোসেন ও আবদুর রহমান চৌকিদারের ছেলে মো. দেলোয়ার। অপর আসামি প্রয়াত ডা. পরেশ চৌধুরী সুল্লুর ছেলে সুদীপ চৌধুরীকে যাবজ্জীবন জেল এবং নুর মোহাম্মদের ছেলে মো. ইলিয়াছকে খালাস দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অঞ্জন বিশ্বাস ও বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি নাথ।

আরও পড়ুন : সিগারেটের ছ্যাঁকায় শিশুর খুনি সেই পাষণ্ডের ফাঁসি

জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে দেলোয়ার আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক ও রফিকুল ইসলাম বাচাইয়্যার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। চার আসামির মধ্যে কারাগারে আছেন দেলোয়ার হোসেন ও সুজিত চৌধুরী। অন্যরা পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুলাল চৌধুরী পেশায় একজন কবিরাজ ছিলেন। ফটিকছড়ির আজাদীবাজার যুগিরহাট চাল বাজারে ‘অভয়া ঔষধালয়’ নামে তার একটি ওষুধের দোকান ছিল। ঘটনার দিন ২০১৬ সালের ২৫ জুলাই রাত ৯টার দিকে রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাউজান থানার মোয়াজিশপুর চিকদাইর সড়কের ব্রিজের পাশে পৌঁছালে আসামিরা সুলাল চৌধুরীর গলা, মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে খুন করে লাশ ব্রিজের রাস্তার উত্তর পাশের ডোবায় ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে রিকশাচালক মো. ইলিয়াছ ইলুকে একমাত্র আসামি করে রাউজান থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর আদালতে চার্জশিটে জমা দেন তৎকালীন সিআইডির পরিদর্শক মো. হাবিবুর রহমান। ৬ জনকে আসামি করা হয়। এ মামলায় খালাস পেয়েছেন রিকশাচালক ইলিয়াছ ওরফে ইলু।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm