মিরসরাইয়ে চাঁদাবাজি ও হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
এদিকে আজ (২০ মে) বাংলাদেশ অটো ইন্ড্রাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন : ব্যবসায়ী খুন—সহযোগীসহ ধরা যুবদল নেতা মামুন, অস্ত্র উদ্ধার
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিস লিমিটেডের কারখানায় ঢুকে পড়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮/১০টি মোটরসাইকেল। এরপর ৮/১০ জন সন্ত্রাসী এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে সন্ত্রাসীরা। একইসময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, বাংলাদেশ অটো ইন্ড্রাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএ/আরবি


