চট্টগ্রামে হিন্দু জেলেকে সাগরে ফেলে দিল পাচারকারীরা, খুঁজছে ফায়ার সার্ভিস

চট্টগৈামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাম দাস (৩২) নামে এক জেলেকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। লিটন দাস নামে আরেক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

অন্যদিকে হাতিয়া থানা হাট থেকে অপহৃত লিটন দাসকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনসহ ভোলা চ্যানেল থেকে এমবি নাবিল ফারহান নামক বাল্কহেডটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে মাঝিকে গুলি করে মারল জলদস্যুরা, বোটসহ নিয়ে গেল ১৯ জেলেকে

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে রাম দাস ও লিটন দাস দুভাই মিলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এসময় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিঁড়ে যায়। এ ঘটনায় তারা ড্রেজারের দায়িত্বরতদের কাছে প্রতিবাদ করতে গেলে ড্রেজার থেকে রাম দাসকে ধাক্কা দিয়ে সাগর থেকে ফেলে দেওয়া হয়। লিটন দাসকে বাল্কহেডে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা।

নিখোঁজ রাম দাসের স্ত্রী কনিকা দাস বলেন, আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর করে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হাতিয়া থানা হাট থেকে অপহৃত লিটন দাসকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৬ জনসহ ভোলা চ্যানেল থেকে এমবি নাবিল ফারহান নামের বাল্কহেডটি আটক করা হয়েছে।

কোস্টগার্ড কমান্ডার শওকত হোসেন বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু বিস্তারিত পায়নি।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ হওয়া জেলে লিটন দাসের সঙ্গে কথা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএমই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm